হরিনাকুন্ড উপজেলার ভেড়াখালী গ্রাম থেকে নিখোঁজের চার দিন পর এক কৃষকের মস্তকবিহীন গলিত লাশ চুয়াডাঙ্গা থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের একটি আখ ক্ষেতের মধ্য থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। মৃত কৃষকের নাম রবিউল ইসলাম। ভেড়াখালী গ্রামের নাজিম উদ্দীনের ছেলে রবিউল।
এদিকে, এ ঘটনায় হরিনাকুন্ড থানা পুলিশ রাশিয়া খাতুন নামে এক নারীকে আটক করেছে।
হরিনাকুন্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, গত শুক্রবার থেকে রবিউল ইসলাম নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ রবিউলকে উদ্ধারে অনুসন্ধান শুরু করে।
মঙ্গলবার দুপুরে ভেড়াখালী গ্রামের জিল্লাল হোসেনের স্ত্রী রাশিয়া খাতুনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের কেরু অ্যান্ড কোম্পানির আখ ক্ষেতের মধ্য থেকে রবিউলের গলিত লাশ উদ্ধার করা হয়।
ঢাকা,১৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//জেইউ