বাগেরহাটের ফকিরহাটে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাইক্রোবাসের চালক। তবে তার নাম জানা যায়নি।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে খুলনা-মংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাগেরহাট মহাসড়ক পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মান্নান ফরাজী বলেন, শুক্রবার সকালে মংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক লখপুর এলাকায় পৌঁছলে তার সামনের চাকা ফেটে যায়। এতে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

কেএইচ