নড়াইলে লোহাগড়া বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে রোববার সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। একটি ইলেক্ট্রনিক দোকান থেকে মালামাল লুটের অভিযোগে লোহাগড়া বাজার বণিক সমিতির ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।
সমিতির সাধারণ সম্পাদক এম এম আসাদুজ্জামান কদর জানান, বাজারের দিদার মার্কেটের ভাড়া দোকানি আর কে ইলেক্ট্রনিক থেকে শুক্রবার বিকালে মালামাল লুট হয়। এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।আর কে ইলেক্ট্রনিক থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে দিদার মার্কেটের মালিক আব্দুর রউফ জানিয়েছেন,আর কে ইলেক্ট্রনিকের ভাড়া দোকানি বিপুল সরকার ৫ মাস দোকান বন্ধ রেখে দিয়েছেন এবং দোকান ভাড়াও পরিশোধ করেননি। তাকে বারবার বলার পরেও দোকান ভাড়া পরিশোধ করেনি। এ জন্য তাকে উকিল নোটিশও পাঠানো হয়।
কিন্তু তাতে তিনি সাড়া দেননি। দোকান থেকে কোনো মালামাল লুটের ঘটনাও ঘটেনি বলে তারা জানিয়েছেন। বরং বণিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কদরসহ সমিতির নেতারা দোকানে তালা লাগিয়ে দেন।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র মণ্ডল জানান, ভাড়া দোকানি, বণিক সমিতি ও মার্কেট মালিকের মধ্যে সুষ্ঠু সমাধানের জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে।তালাবদ্ধ ওই দোকানের চাবি বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর





