গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক নিটনিটওয়্যার নামের পোশাক কারখানার সাপ্লাইয়ের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার বেলা ১১টার দিকে কর্তৃপক্ষ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাদমা গ্রুপের মৌচাক নিটনিটওয়্যার পোশাক কারখানায় সহস্রাধিক শ্রমিক রোববার সকাল ৮টায় কাজে যোগ দেন। তাদের মধ্যে অনেকেই কারখানার সাপ্লাই ট্যাপের পানি পান করেন। পরে সকাল সাড়ে ৮টা থেকে পানি পানকারী শ্রমিকরা অসুস্থ হতে থাকেন। শুরু হয় পেট ব্যথা, বমি বমি ভাব।

এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের মৌচাক ও কোণাবাড়ির বিভিন্ন ক্লিনিকে পাঠায়। অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকলে বেলা ১১টার দিকে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।

অসুস্থ শ্রমিক নাজমা, দেলোয়ার, মেজবাহ ও শেফালী জানান, পানিতে তীব্র দূর্গন্ধ ছিল। পানি খাওয়ার পর পেটে ব্যথা শুরু হয়।

এএইচ