অনুপ্রবেশকালে মিয়ানমারের ৪১ নাগরিককে আটকের পর স্বদেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।

শনিবার বেলা ১১টায় কক্সবাজারের উখিয়া সীমান্তের বালুখালী পয়েন্ট দিয়ে ওই রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো হয়।

১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, শনিবার সকাল ৯টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উখিয়ার বালুখালী ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু দিয়ে অবৈধভাবে প্রবেশকালে মিয়ানমারের ৪১ জন নাগরিককে আটক করা হয়।

পরে তাদের বিজিবির বিওপিতে এনে খাবার ও চিকিৎসা সেবা দিয়ে উখিয়ার বালুখালী পয়েন্ট দিয়ে পুনরায় স্বদেশে ফেরত পাঠানো হয়।

গত তিন সপ্তাহে অবৈধভাবে প্রবেশকালে মিয়ানমারের ৪২৩ জন নাগরিককে আটকের পর স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

এআর