চার বছর মেয়াদী বি.এস.সি-ইন-নার্সিং পাশকৃত রেজিস্টার্ড নার্সদের প্রথম শ্রেণীর পদমর্যাদায় শূণ্য পদে সরকারী চাকুরীতে নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস’সোসাইটি।
জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার এ দাবিতে মানববন্ধন করেছে কয়েক শতাধিক রেজিস্টার্ড নার্স।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ দাবিতে মিছিল করেছেন তারা।
মানববন্ধনে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস’সোসাইটি এর সভাপতি রাজীব কুমার বিশ্বাস বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোর্স সম্পন্ন করেছি।
বাংলাদেশে নার্সিং শিক্ষা ও পেশাকে আধুনিকিকরণের লক্ষ্যে এ কোর্স চালু করা হয়েছিল।
তিনি বলেন, কোর্স সমাপ্ত করে রেজিস্টার্ড নার্স হওয়া স্বত্ত্বেও আমরা সরকারী চাকুরীতে নিয়োগের বিষয়ে কোন কিছুই অবগত নই।
তাই দেশের নার্সিং শিক্ষা ও পেশাকে আন্তর্জাতিক মানের করতে এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে রেজিস্টার্ড নার্সদের প্রথম শ্রেণীর পদমযাদায় নার্সিং অফিসারসহ বিভিন্ন শূন্য পদে সরকারী চাকুরীতে নিয়োগের দাবি জানাচ্ছি। দীর্ঘদিন ধরে এ দাবি জানালেও এর অগ্রগতি নিয়ে আমরা হতাশ।
মানববন্ধনে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদা আক্তারসহ কয়েক শতাধিক রেজিস্টার্ড নার্স উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে রেজিস্টার্ড নার্সরা প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়।
এমএ/এসএইচ





