রাজধানীর পুরান ঢাকার নবাবাপুর এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ ওই যুবকের নাম আসিফ আলম (৩৮) বলে জানা গেছে।

সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৫টায় তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। জানা যায়, গুলিবিদ্ধ আসিফের বাসা ৪০, বনগ্রাম ওয়ারী এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, আসিফ ‌অ্যান্টারপ্রাইজ নামে নিজ দোকানে বসে ছিলেন আসিফ। এমন সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তার বাম পায়ের উরুতে গুলি লাগে।

তবে কে বা কারা তাকে গুলি করেছে এ ব্যাপারে আহত আসিফ ও তার বন্ধু কিছু বলতে পারেননি।

বর্তমানে আহত আসিফ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা, জেইউ, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর