রাতে ব্যালট বাক্স ভরাসহ বিভিন্ন অনিয়ম ঠেকাতে আগামী পৌরসভা নির্বাচনে ভোটের আগের রাতের পরিবর্তে ভোটের দিন সকালে কেন্দে ব্যালট পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
সোমবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এমন তথ্য জানান।
তিনি বলেন, এক্ষেত্রে আগের দিনের পরিবর্তে ভোটের সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। এজন্য এক ঘণ্টা পিছিয়ে ভোটগ্রহণ শুরু করা হবে সকাল ৯টায়।
আমরা একটি সিদ্ধান্ত এরকমভাবে গ্রহণ করেছি, যেখানে সকালে প্রশ্নপত্র পাঠানো সম্ভব সেখানে অবশ্যই সকালে ব্যালট পেপার পাঠানো সম্ভব।
সচিব বলেন, ভোট কেন্দ্রে যে অনিয়মগুলো হয়ে থাকে -সেগুলো দূর করার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এর একটি হলো আমাদের প্রযু্ক্তিকে ব্যবহার করা। এ জন্য আমরা সকালে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। যেসব কেন্দ্র খুব কাছাকাছি সেখানে সকালে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সেখানেও সকালে ইভিএম পাঠানো হবে কি না -সাংবাদিকদের এমন প্রশ্নে সচিব বলেন, ইভিএম সাধারণত একটি নির্দিষ্ট সময়ের আগে ব্যবহার করা যায় না। সকাল ৮টার আগে এটি ওপেন করার কোনো সুযোগ নাই। আমরা যদি ভোট সকাল ৯টায় শুরু করি তাহলে এর আগে (সকাল ৯টা) ইভিএম ব্যবহারের সুযোগ নাই।
তিনি আরও বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে সবগুলো কেন্দ্রেই ইভিএম ব্যবহারের চিন্তাভাবনা আছে। আর সকালে শুধু ইভিএম নয়, প্রিসাইডিং কর্মকর্তাও সব মালামাল নিয়ে সকালে যাবে।
হেলালুদ্দীন আহমদ বলেন, দ্বিতীয় ধাপে ১৬টি জেলায় ১১৬ উপজেলার ভোট শান্তিপূর্ণ হয়েছে। এ ধাপের ৭ হাজার ৩৯ কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ভোট স্থগিত করার তথ্য পেয়েছি। বাকি সবখানে কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়নি।
এএস





