খাগড়াছড়িতে ছয়জন হত্যাকান্ডের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থিত তিন সংগঠনের ডাকা সড়ক অবরোধ চলছে।

সোমবার সকাল ৬টা থেকে চলা অবরোধে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচও পুলিশি পাহারায় সকাল পৌনে ৯টায় খাগড়াছড়িতে পৌঁছায়। এ ছাড়া শহর এলাকায় সীমিত আকারে যান চলাচল রয়েছে।

সড়ক অবরোধে সহিংসতার আশঙ্কায় জেলা শহরের স্বনির্ভর, চেঙ্গী স্কয়ার, বাস টার্মিনাল, চেঙ্গী ব্রিজ, ফায়ার সার্ভিস এলাকাসহ একাধিক স্থানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তবে সকাল থেকে খাগড়াছড়ি শহরসহ কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এমএম সালাউদ্দিন জানান, খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া জেলা শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং টহলও চলছে। তবে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।