আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ব্যর্থতা ও নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলার অবনতিসহ নানা অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে থানার ওসি রাশেদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশে ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জেলা নির্বাচন অফিসার রুহুল আমিন মল্লিক ও জেলা পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত আদেশের চিঠি নির্বাচন কমিশনের দপ্তর থেকে বুধবার রাতে জেলা নির্বাচন অফিসে পৌঁছেছে বলে জানা গেছে ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের পক্ষ থেকে ওসি রাশেদুলের পক্ষপাতিত্বের একাধিক অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে। আর এ অভিযোগের কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।
উপজেলার নিশানবাড়িয়া, হোগলাপাশা ও বনগ্রাম ইউনিয়নে সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের হামলা, মামলা, ভাংচুর, লুটপাট সিরিজ ঘটনায় অবাধ, সুষ্ঠু নির্বাচন নিয়ে এলাকাবাসি আতঙ্কিত হয়ে পড়েছে।
এসব ইউনিয়নের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। এছাড়াও ১০ দিনের ব্যবধানে মোরেলগঞ্জ পৌরসভা সদর ইউনিয়নে এক যুবক ও বারইখালী ইউনিয়নে শিশু ছাত্রী খুনের ঘটনা ঘটেছে ।
২০১৫ সালের ১৫ অক্টোবর ওসি রাশেদুল আলম মোরেলগঞ্জে যোগদান করেছিলেন।
এমআইএস।





