দেশের দুই নাগরিক সম্প্রতি পুলিশি নির্যাতনের শিকার হওয়ার পর রাষ্ট্রকে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

তিনি বলেন, রাষ্ট্র তুমি এমন কাজ করো না, যাতে নাগরিকদের মানসিক নির্যাতনের শিকার হতে হয়। তিনি পোস্ট ট্রমাটিক সমস্যা হতে পারেন, প্রতিবন্ধিতার শিকার হতে পারেন।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়োজিত ‘বৈষম্য বিলোপ আইন ও প্রতিবন্ধিতা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিবন্ধিতার দুটো কারণ থাকতে পারে। একটি জন্মসূত্রে, আরেকটি কেউ দুর্ঘটনার শিকার হলে।বাংলাদেশে প্রতিবন্ধিতার আরেকটি কারণ অধুনা দৃষ্টিগোচর হয়েছে।

রাষ্ট্রের কোনো সংস্থার বেআইনি কোনো কর্মকান্ডের কারণে নাগরিক যদি প্রতিবন্ধিতার শিকার হয়, তাহলে রাষ্ট্র তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।

কেউ প্রতিবন্ধিতার কারণে বৈষম্যের শিকার হলে জাতীয় মানবাধিকার কমিশন নির্বিকার থাকবে না। বঞ্চনার শিকার মানুষের অধিকার আদায়ের জন্য তার পাশে থেকে যা যা করা দরকার তা করবে।

অন্যদের মধ্যে মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী নাজরানা ইয়াসমিন হীরা, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের পরিচালক ডা. নাফিসুর রহমান ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো.সাইদুল হক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এসএইচ