৫০ লাখ টাকা চাঁদার দাবিতে মো. আলাউদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর পুরান ঢাকার ২০ নং সৈয়দ আওলাদ হোসেন লেন এলাকায় এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী জানান, পুরান ঢাকার সাগর ডাকাত নামে এক সন্ত্রাসী তার কাছে মোবাইল ফোনে ৫০ লাখ টাকা চেয়ে হুমকি দিয়ে আসছিল।

তার দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ৭-৮ জন যুবক বাড়ির সামনে তাকে গুলি করে পালিয়ে যায়। এই সন্ত্রাসীদের সঙ্গে ফয়সাল নামে তার আপন ভাতিজা জড়িত ছিল বলেও তিনি অভিযোগ করেন।

আহত আলাউদ্দিনের মেয়ে ডা. ইফফাত আরা ওরফে সুচিতা জানান, তার বাবার কাছে সন্ত্রাসীরা মোবাইল ফোনে বিভিন্ন সময়ে লাখ লাখ টাকা চাঁদা দাবি করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা আবারো ফোন করে। এরপর বাসার সামনে ৭ থেকে ৮ জন সন্ত্রাসী এসে আমার বাবাকে বলে ‘এই ব্যাটা ফোন ধরস না ক্যান’। এরপরই তার পায়ে গুলি করে দৌঁড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে আশঙ্কাজক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে কতিপয় ব্যক্তি তাকে হাসপাতালে থেকে অন্য জায়গায় চিকিৎসার নামে তুলে নেওয়ার চেষ্টা করে।

এজন্য ব্যবসায়ী আলাউদ্দিনের পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে ডা. ইফফাত আরা।

এ ব্যাপারে কোতোয়ালী থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার সহকারী পরির্দশক (এসআই) ইব্রাহিম সাংবাদিকদের জানান, ‘ভাই আপনার ফোন নম্বরটা দিন। ঘটনাটি জেনে আপনাকে জানাচ্ছি’।

জেএ