কুষ্টিয়ার সদর উপজেলার কমলাপুরে হাটের ইজারা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।

এ ছাড়া পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে।

শনিবার সকাল ১০টার দিকে সদরের জিয়ারখী ইউনিয়নের কমলাপুর বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলাপুর বাজার ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শাহজাহান আলী ও ইউপি মেম্বার শাহজাহান আলীর মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে সকালে দুই পক্ষ বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়িঘর ভাঙচুর, ফসলি জমি বিনষ্ট ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

এএইচ