বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিহত সাত জেলের লাশ বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাশগুলো বুঝে নেওয়ার পর পুলিশে হস্তান্তর করেছে।

জেলা প্রশাসকের অনুমতি নিয়ে সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষ লাশগুলো পৌর কবরস্থানে দাফন করবে।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় সাতটি লাশ ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ সদস্যরা সাতক্ষীরার ভোমরা বিজিবির হাতে হস্তান্তর করে।

বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল গনি জানান, ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফের পরিদর্শক শ্রী শিব দত্ত সাতটি লাশ তাঁর হাতে তুলে দেন। তিনি দ্রুত লাশগুলো সাতক্ষীরা সদর থানায় পাঠিয়ে দেন। জেলেদের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়ায়।

সুবেদার সিরাজুল আরো জানান, ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার রাজবল্লভপুরের কাছে রাক্ষসখালি ঘাটে বাংলাদেশি জেলেদের লাশগুলি একটি আধাডোবা ট্রলারে দেখতে পান সেদেশের জেলেরা। পাথরপ্রতীম থানা পুলিশ লাশগুলো মেলা নদীর ঘাটে নিয়ে আসে। পরে লাশগুলো হস্তান্তর করা হয় বিএসএফের কাছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশগুলো পৌর কবরস্থানে দাফন করা হবে।

গত ১৪ আগস্ট বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপ এলাকায় ঝড়ের কবলে পড়ে নবীর মাঝির মালিকানাধীন ট্রলার ‘নূর আলম’ডুবে যায়। এতে থাকা ১৭ জেলে মারা যান।

এ ব্যাপারে হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। উদ্ধার হওয়া লাশগুলো ওই ট্রলারেরর জেলেদের বলে জানান ওসি।

এফএফ