নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ''আমি বলেছিলাম নারায়ণগঞ্জে ভয়ংকর সব জঙ্গির বসবাস। কিন্তু আমার বক্তব্যেকে দেশের রথি-মহারথিরা তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন। বলেছিলেন, শামীম ওসমানকে প্রমাণ করতে হবে নারায়ণগঞ্জে কোথায় জঙ্গি আছে। কিন্তু দেখেন, গত ২০ দিনের ব্যাবধানে দেশে ও দেশের বাইরে গ্রেফতার হয়েছে ভয়ংকর সব জঙ্গি। তাদের সকলের বাড়ি নারায়ণগঞ্জে''।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ শহরের তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রভাষ চন্দ্র দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য বিকেএমইএ'র সভাপতি সেলিম ওসমান।
শামীম ওসমান, '২০০১ সালের ১৬ জুন বোমা হামলায় আমার ২০ কর্মী নিহত ও অর্ধশত পঙ্গুসহ আহত হয়। বোমা হামলায় আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যু যন্ত্রনা নিয়ে সেই দিন বলেছিলাম, আপনারা শেখ হাসিনাকে বাঁচান। এরপরেই কিন্তু ২১ শে আগস্ট নেত্রীকে হত্যার জন্য গ্রেনেড হামলা করে ২১ জনকে হত্যা ও শতাধিক নেতাকর্মীকে পঙ্গু করা হলো। সেই দিন ওই হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে আমার কথা। ঠিক তেমনি গত ৫ বছর ধরে বলে আসছি নারায়ণগঞ্জে জঙ্গিদের সকল প্রতিষ্ঠান আছে। সেই কথাও প্রমাণ হলো। সম্প্রতি গ্রেফতার হওয়া ভয়ংকর ৫ জঙ্গির সকলের বাড়ি নারায়ণগঞ্জে।'
তিনি বলেন, 'সম্প্রতি ভারতে গ্রেফতার হয়েছে ভয়ংকর জঙ্গি সাজিদ (ছদ্মনাম) যার প্রকৃত নাম মাসুম। বাড়ি নারায়ণগঞ্জের বন্দরে। সে প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছিল। তা হলে বলেন হাসপাতালের বেডে শুয়ে যে বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান। সেই ষড়যন্ত্রতো এখনো চলছে। মুখোশধারীরা পেছন থেকে টাকার বিনিময়ে জঙ্গি লালন পালন করে আমাদের ওপর আঘাত করতে চাইছে যেন স্বাধীনতার পক্ষের শক্তিকে দূর্বল করা যায়। আমি আবারো বলতে চাই, নারায়ণগঞ্জে এখনো অধরা রয়ে গেছে ভয়ংকর সব জঙ্গি। কিন্তু মুক্তিযোদ্ধার গর্ভে রক্তে ও মাংসে গড়া সন্তানদের দমানো এত সহজ নয়। দেশের জন্য বারবার শহীদ হতে ওসমান পরিবার প্রস্তুত রয়েছে।'
শামীম ওসমান শিক্ষার্থীদের কাছে সাহায্য প্রার্থনা করে বলেন, 'তোমাদের কাছে আমি ৪টি বিষয়ে সহযোগিতা চাই। তা হলো- মাদক নির্মূল, সন্ত্রাস দমন, ইভটিজিং ও যানজট নিরসন। এসব সমস্যা সমাধানে তোমাদের সকলকে নিয়ে কাজ করতে চাই'।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান বলেন, উন্নয়ন ও দেশেব স্বার্থে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. শিরিন শারমিন, ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাবেক ভিপি শহীদ বাদল, যুবলীগ নেতা হেলাল ও শাহ নিজাম প্রমুখ।
বক্তব্য অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থীরা নবীনদের বরণ করে নেয়।
জেআই





