রাজধানীর শ্যামলীতে প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল দুর্বৃত্তরা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বুধবার দুপুরে ৩৬ ঘণ্টার হরতাল ডাকার পর বিকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাল সোয়া চাটার দিকে শ্যামলী সিনেমা হলের সামনে প্রথমে পরপর ৫টি ককটেল বিস্ফোরণ করে। এরপর একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মোহাম্মদপুর থানার এসআই মো. এনামুল বলেন, কে বা কারা শ্যামলী সিনেমা হলের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের পরে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ আগুনে পুড়ে যাওয়া প্রাইভেটকারটি পাননি। হয়ত স্থানীয়দের সহায়তায় চালক গাড়িটি নিয়ে স্থান ত্যাগ করেছেন।
এদিকে বিকাল সাড়ে চারটার মালিবাগ মোড়ে সোহাগ পরিবহনের সামনে ১২টি ককটেল বিস্ফোরণ করেছে হরতাল সমর্থকরা।
এ বিষয়ে রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, হরতাল সমর্থকরা মালিবাগ সোহাগ বাস কাউন্টারের সামনে অন্তত ১২টি ককটেল বিস্ফোরণ করেছে। তবে এতে কোন আহতের খবর পাওয়া যায়নি।
এএইচ





