রাজধানীর মাদারটেকে বন্যার পানি প্রবেশ করেছে। মাদারটেকের শেখের জায়গা নামক স্থানে একটি বাঁধের রাস্তা ভেঙে পানি প্রবেশ করেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করেই সংযোগ রাস্তাটি ভেঙে পার্শ্ববর্তী বালু নদের পানি সেখানে প্রবেশ করে। ওই এলাকায় সাড়ে তিন হাজারের মতো পরিবার আছে বলে স্থানীয়রা জানিয়েছে। জানা গেছে বর্তমানে পার্শবর্তী বালু নদের পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নিচে রয়েছে।

স্থানীয়দের মতে ওই এলাকার রাস্তাটি মেরামত করা দরকার ছিল, কেন না বর্ষাকালে রাস্তাটি ভেঙে যেতে পারে এই আশঙ্কা বাসিন্দারা আগে থেকেই করছিল। রাস্তা খারাপ থাকায় আজ দুপুরে সেটা ভেঙে যায়।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে বলা হয়েছে, ব্রহ্মপুত্র অববাহিকার সিরাজগঞ্জ থেকে সারিয়াকান্দি ও আশপাশের এলাকার যমুনা নদীর পানি কয়েক দিন ধরে কমছে। সেই পানি ভাটিতে চলে আসছে। ভাটি অঞ্চল ঢাকার আশপাশের নদীগুলোতে তাই পানি বাড়ছে। ঢাকার আশপাশের নদীগুলোর মধ্যে শীতলক্ষ্যার পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই