সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। কিন্তু তুচ্ছ ঘটনার জেরে এসএসসির ফল প্রত্যাশী ফাইয়াজ আহমদের (১৫) সেই ফলাফল জানা হলো না।
মঙ্গলবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে সুরভিপাড়া এলাকায় চাচা জাকারিয়া আহমদের (৩০) হাতে খুন হন ফাইয়াজ। এ ঘটনার পর চাচাকে আটক করেছে পুলিশ।
নিহত ফাইয়াজ শ্রীমঙ্গল বার্ডস রেসিডেন্টসিয়ল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। বুধবার (১১ মে) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে তার।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাসায় খাবার টেবিলে ভাত কম দেওয়া-নেয়াকে কেন্দ্র করে এসএসসি ফলপ্রার্থী ওই ছাত্রকে ছুরিকাঘাত করে তার চাচা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমআইএস





