চট্টগ্রাম নগরীতে সরকারি ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট বিক্রির অভিযোগে ছয় ওষুধের দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে এক লাখ ১০ হাজার টাকা মূল্যের ফুড সাপ্লিমেন্ট ও ফিজিশিয়ান স্যাম্পল উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ, ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধ ও ভায়াগ্রা বিক্রির অভিযোগ ছয় ওষুধের দোকানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি এসব দোকান থেকে মোট এক লাখ ১০ হাজার টাকা মূল্যের ফিজিশিয়ান স্যাম্পল ও ফুড সাপ্লিমেন্ট উদ্ধার করা হয়েছে।
অভিযানে আসাদগঞ্জের বাবুল মেডিকোকে ১০ হাজার টাকা এবং মিয়া খান নগরের আর আর মেডিকোকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মিয়া খান নগরের এন মেডিসিন, রাহাত্তারপুলের শাহ মজিদিয়া ফার্মেসি, চকবাজারের রয়েল ড্রাগ হাউজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বায়েজিদ মেডিকেল হলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
কেএইচ





