নীলফামারীর কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ও দুপুরের এসব ঘটনায় ১৬ ব্যক্তি আহত হলে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানান, শনিবার সকাল ১০টার দিকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে রোগীবাহী একটি অ্যাম্বুল্যান্স (ঢাকা মেট্রো-চ-৯৫২০) নীলফামারী জেলার জলঢাকা-পাগলাপীর সড়ক ধরে রংপুর যাচ্ছিল। ওই সড়কের কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের ধরেয়ার বাজার নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা জলঢাকাগামী আশিক পরিবহন (রংপুর- জ ১১-০০২১) অ্যাম্বুল্যান্সটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুল্যান্স যাত্রী আকবর আলী (৫৫) ঘটনাস্থলে এবং মনোর আলী (৪৫) হাসপাতালে নেওয়ার পথে ও অ্যাম্বুল্যান্সের চালক আলম হোসেন (৩০) চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় আরো ৩ অ্যাম্বুল্যান্সযাত্রী ও ১০ বাসযাত্রী আহত হন।
ওই অ্যাম্বুল্যান্সের মালিক দেবীগঞ্জ উপজেলা সদরের ফার্মগেট এলাকার জামাল উদ্দিন বলেন, চালক আলম হোসেন প্রতিবেশি ভাতিজি খাদিজা বেগমকে (১২) চিকিৎসার জন্য শনিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এ সময় খাদিজার বাবা মনোর আলী (৪৫), মা সাজেদা বেগম (৪০), মনোর আলীর চাচা আকবর অলী (৫৫) আকবর আলীর ছেলে আকতার আলী (২০) ওই অ্যাম্বুল্যান্সে ছিলেন।
চালক আলম হোসেন অ্যাম্বুল্যান্স মালিক জামাল উদ্দিনের ছোট ভাই। তারা সবাই দেবীগঞ্জ উপজেলা শহরের ফার্মগেট এলাকার বাসিন্দা বলে জানান তিনি। ওই ৩ জনের মৃত্যুর সত্যতাও নিশ্চিত করেন তিনি।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম এ ব্যাপারে বলেন, ঘটনাস্থলে একজন নিহত হওয়ার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। বিষয়টি হাইওয়ে পুলিশ তদন্ত করছে।
হাইওয়ে তারাগঞ্জ থানার ওসি দিনে আলম বলেন, ঘটনাস্থলে একজন নিহত হওয়া বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি এবং চিকিৎসাধীন অবস্থায় চালকসহ আরো ২জনের মৃত্যুর খবর শুনেছি। দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুল্যান্স উদ্ধার করা হয়েছে।
অপরদিকে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের সোনাখুলি নামক স্থানে শনিবার দুপুরে ডালিয়া-রংপুর সড়কে ট্রাক ও নছিমনের সংঘর্ষে জমর উদ্দীন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর ঝুনাগাছ চাপানী গ্রামে। এসময় মশিয়ার রহমান (৩৫), সাইয়েকুল আলম (২০) ও আমিনুর রহমান (৬০) নামে ৩ ব্যক্তি আহত হয়। আহতদের রংপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতরা ওই নছিমনের যাত্রী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এ ঘটনায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে ওই সড়কে।
ডিমলা থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও নছিমন এলাকাবাসী আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে রেখেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





