আজ দুপুরের পর থেকে রাজধানীর আকাশে মেঘের ঘনঘটা। এরমধ্যেই বছরের প্রথম বৃষ্টির দেখা মিললো ঢাকায়। বছরের শুরুতে গরমের আভাসের মাঝে ঝুম ঝুম বৃষ্টিতে বিকেল বেলায় রাজধানীতে অনেকে নিজের শরীর ভিজিয়েছেন। আর এই কারণেই দেশের বিভিন্ন অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগেই সকালে ঢাকার বাইরে কোথাও কোথাও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের দুই-এক জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
ঢাকাসহ ৬ জেলায় চলতি বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। সেই সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে।
ঢাকায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বইছে। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলার ঝড় বয়ে যায় রাজধানীর উপর দিয়ে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বছরের প্রথম কালবৈশাখী ঝড় সাভারে আঘাত হেনেছে। আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টার মধ্যে এটি ঢাকায় পৌঁছাবে। ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে কালবৈশাখী আঘাত হানতে পারে। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও শীলাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকায় বেলা সাড়ে ৩টা থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৪টা থেকে আকাশ কালো করে প্রবল বেগে বাতাস বইতে থাকে। এ সময় ধুলার চাদরে ঢেকে যায় চারদিক।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার (১৩ মার্চ) বিকেল চারটায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানেই সামান্য অথবা হালকা বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও আবার অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হচ্ছে বজ্রবৃষ্টিও। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এমবি





