ঝিনাইদহের কোটচাঁদপুরে ফুলবাড়িয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রায় ৩০টি দোকান ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কোটচাঁদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) ফজলুর রহমান জানান, জেলার কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রাম ও বিদ্যাধরপুর গ্রামের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ফুলবাড়িয়া গ্রামের পক্ষে আব্দুল মতিন এবং বিদ্যাধরপুর গ্রামের পক্ষে আশরাফুল ও শাহজাহান নেতৃত্ব দিচ্ছেন। বিবাদমান গ্রাম দুটির সমর্থকরা আজ সকাল ১০ টার দিকে ফুলবড়িয়া বাজারে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়। এসময় ফুলবাড়িয়া বাজারের প্রায় ৩০ টি দোকান ভাংচুর ও লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ