রংপুরের সঙ্গে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মধ্যে অর্নিদিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার মধ্যরাত থেকে এ ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, পুলিশ প্রশাসনের সঙ্গে ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে তারা ধর্মর্ঘট প্রত্যাহার করে নেন।
তিনি আরও জানান, তাদের বিভিন্ন দাবি প্রসঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও আলাপ আলোচনা হয়েছে। তারাও বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন।
নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় রবিবার রাতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জেলা মোটর মালিক সমিতির সদস্যরা হামলা চালিয়ে ভাঙচুর করেন। এর প্রতিবাদে সোমবার থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন রংপুরের সঙ্গে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার অর্নিদিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।
জেএ





