নওগাঁর পত্নীতলা উপজেলার উষ্টি গ্রামের বাসিন্দা এক মুক্তিযোদ্ধা খুন হয়েছেন। তার নাম নাজিম উদ্দীন (৬০)।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
এ ঘটনায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পত্নীতলা থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে নাজিম উদ্দিনকে বাড়ি থেকে তার কয়েকজন ডেকে পাশের একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে দুর্বৃত্তরা। এসময় ঘটনা টের পেয়ে প্রতিবেশীরা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান নাজিম উদ্দিন।
ওসি জানান, সকালে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
ইআর





