বগুড়ায় মাসব্যাপী শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বগুড়া শহরের নূরানীর মোড় এলাকায় অবস্থিত রানার সিটির এলাকাজুড়ে এই মেলার আয়োজন করা হয়েছে।

সোমবার দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস।

এ উপলক্ষে মেলা প্রাঙ্গনে বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই-এর পরিচালক সিআইপি আলহাজ্ব মমতাজ উদ্দিন, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, বগুড়া চেম্বারের সহসভাপতি ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপ-কমিটির আহ্বায়ক এনামুল হক দুলাল বক্তব্য রাখেন।

আয়োজকরা জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক প্যাভিলিয়ন ও স্টল আসতে পারেনি । তারপরেও মেলায় মোট ১০৫ টি প্যাভিলিয়ন ও স্টলে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য কেনা কাটার সুযোগ থাকবে। পাশাপাশি মেলায় শিশুদের বিনোদনের নানা আয়োজন হিসেবে থাকছে মিনি চিড়িয়াখানা, নাগরদোলা, বিভিন্ন রাইডার, সার্কাস, মটরসাইকেল খেলা ও জাদু প্রদর্শন।

এবার মেলায় প্রবেশ মূল্য করা হয়েছে ২০ টাকা। তবে ৮ বছরের কম বয়সী শিশু এবং প্রতিবন্ধীরা মেলায় প্রবেশ করতে পারবে টিকেট ছাড়াই বলে জানিয়েছেন মেলা পরিচালনার দায়িত্ব পালনকারী আব্দুল মান্নান।

উল্লেখ্য, বিভাগীয় শহরগুলো ব্যতীত দেশের শুধুমাত্র দুটি জেলায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের অনুমোদন রয়েছে । এর একটি বগুড়া এবং অপরটি পার্বত্য চট্রগ্রামে।

কেএইচ