ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপশ রঞ্জন ঘোষ ও মডেল থানারওসি আকুল চন্দ্র বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম.এ মাসুদ এ কথা নিশ্চিত করেছেন।

এদিকে নিহত মাদ্রাসা ছাত্র মাসুদুর রহমানের নামাজে জানাজার পর বুধবারের হরতালের সমর্থনে শহর বাইপাস রোডে বিক্ষুব্ধ তৌহিদী জনতা মিছিল করে হরতাল সফলের আহবান জানান।

এদিকে জেলা সদরে টহল দিচ্ছে পুলিশ, র‌্যাব ও বিজিবি । থমথমে পরিস্থিতি জেলা সদর জুড়ে।

এর আগে ওই দুই পুলিশ কর্মকর্তাকে অপসারণ এবং মাদ্রাসাছাত্র মাসুদুর রহমানের (২২) নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আগামীকাল বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন শহরের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার (বড় মাদ্রাসা) জ্যেষ্ঠ শিক্ষক মওলানা মোবারক উল্লাহ।

গতকাল সন্ধ্যায় শহরের জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমের মালিক রনির সঙ্গে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার (বড় মাদ্রাসা) এক ছাত্রের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মাদ্রাসাছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ বাধে। পরে এতে ছাত্রলীগ ও এলাকাবাসী যোগ দেয়। এতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

এমএম