বিভিন্ন দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একাংশের আন্দোলনে প্রায় পাঁচ মাস ধরে বন্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বাসভবনে ককটেল বিস্ফোরণের সময় উপাচার্য এ কে এম নূর-উন-নবী বাসাতেই ছিলেন। দায়িত্বে ছিলেন নিরাপত্তাকর্মীরাও।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, উপাচার্যের বাসভবনের ফটকের ভেতরে একটি এবং বাইরে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

খবর পেয়ে রোববার সকাল সাড়ে নয়টার দিকে রংপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থায়ী নিয়োগ ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একাংশের আন্দোলনে প্রায় পাঁচ মাস ধরে বন্ধ বিশ্ববিদ্যালয়টি। প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। রোববারের মধ্যে আন্দোলনকারীরা তালা খুলে না দিলে পুলিশ ও প্রশাসনের সহায়তায় তালা ভাঙবেন বলে উপাচার্যদ জানিয়েছেন।

এএইচ