রাজধানীর বাংলামোটর এলাকা থেকে অপহৃত কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা থানা উপ পরিদর্শক (এসআই) মমিনুল হক জানান, ওই কিশোরী ৮-৯ বছর ধরে তার মা কমলা আক্তারের সঙ্গে বাংলামোটর ৫১ নম্বর টিএসি ভবনের পাশে ফুটপাতে থাকে।
কমলা বেগম বিভিন্ন বাসায় কাজ করে। শনিবার রাত সাড়ে ১০টায় নিখোঁজ হয় কিশোরী। পরে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।
তিনি আরো জানান, রোববার দুপুর ১টায় কে বা কারা ওই কিশোরীকে বাসার সামনে ফেলে চলে যায়। পরে রাত পর্যন্তও তার জ্ঞান ফিরে না এলে রাত আটটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে মেয়েটির মা ও এলাকাবাসীর বরাত দিয়ে এসআই জানিয়েছেন, বাবু নামের এক যুবক মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। বাবুকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফিরোজ জানান, কোনো ধরনের শারীরিক বা যৌন নির্যাতন করা হয়েছে কিনা তা পরীক্ষার জন্য তাকে গাইনী বিভাগের ভর্তি করা হয়েছে।
ঢাকা, ৫মে (টাইমনিউজবিডি) //জেডআই