জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের প্রতিবাদে দলটির ডাকা বৃহস্পতিবারের হরতালের প্রথম প্রহরে নারায়ণগঞ্জে গাড়ি ভাঙচুর করেছে শিবিরকর্মীরা।
এ সময় তারা শহরের বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে অন্তত ১০টি যানবাহন ভাঙচুর করে। এতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ একজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টায় শহরের গলাচিপা এলাকা থেকে শিবিরের ৩০-৪০জন কর্মী লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে। তারা বঙ্গবন্ধু সড়ক ইটপাটকেল ও বাঁশ ফেলে অবরোধ করে রাখে। পরে মিছিল করে হরতালের পক্ষে স্লোগান দেয়ার সময় পুলিশ বাধা দেয়। শিবিরকর্মীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ লাঠিচার্জ করে।
এ সময় তারা একটি কাভার্ডভ্যান, দুটি সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, বাসসহ ১০টি যানবাহন ভাঙচুর করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মঞ্জুর কাদের জানান, শিবিরের লোকজন জড়ো হওয়ার আগেই পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। একজন শিবির কর্মীকে আটক করা হয়েছে।
এদিকে হরতালে সকাল থেকে নারায়ণগঞ্জে যান চলাচল অনেক কম দেখা গেছে। ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল করছে অন্যদিনের তুলনায় কম।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





