সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার মোহনপুর রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ার ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, সোমবার ভোর ৪টার দিকে উল্লাপাড়ার মোহনপুর রেলওয়ে স্টেশনের কাছে 'এনজি ডিসি ব্লক ঢাকা' নামের ওই তেলবাহী ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

দিনাজপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় পাঁচ ঘণ্টা ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশন থেকে লাইট ইঞ্জিন এনে ট্রেনটিকে উদ্ধার করা হয়েছে।

এরপরই নিয়মিত ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয় এই রুট। ট্রেনটিকে উদ্ধার করে উল্লাপাড়ায় নেওয়া হয়েছে। সান্তাহার স্টেশন থেকে একটি লাইট ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যাবে।

এইচএন