ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভেজাল প্রতিরোধে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুন) বিকেলে নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসন খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান প্রসঙ্গে আতিকুল ইসলাম বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর সংরক্ষণ করার অপরাধে ওহীদ ফল ভাণ্ডার, বিসমিল্লাহ ফলভাণ্ডার ও আল্লাহর দান ফলভাণ্ডারের মালিকদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়াও উৎপাদনের ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন প্যাকেটজাত মুড়ি বিক্রির অপরাধে ফজলুর রহমান নামে এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার জন্য চারটি মুদি দোকান মালিককে দশ হাজার টাকা এবং অতিরিক্ত মূল্যে ফল বিক্রির অপরাধে দুটি দোকানকে ছয় হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

খুলনা শপিং কমপ্লেক্সে অতিরিক্ত মূল্যে পোশাক বিক্রির অভিযোগে শপিং মলটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকান মালিক সমিতি ও সকল ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।

পরবর্তীতে অতিরিক্ত মূল্যে পোশাক বিক্রির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মর্সে সর্তক করে দেওয়া হয়।

অভিযানকালে খুলনা সিটি কর্পোরেশনের সিনিয়র ভেটেরিনারি সার্জন মো. রেজাউল করিম ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন খুলনার সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।

ওএফ