রাজশাহী রেল স্টেশনে ঢাকা থেকে রাজশাহী আসা সিল্কসিটি ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
রাজশাহী জিআরপি থানা পুলিশ জানান, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহী স্টেশনে সিল্কিসিটি ট্রেনটি এসে থামে। ট্রেনটি পরিস্কার করার জন্য সুইপাররা ট্রেনের ছাদে উঠলে ওই যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তারা পুলিশে সংবাদ দেন।
রাজশাহী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুনীল কুমার ঘোষ জানান, লাশটি জিআরপি থানায় রাখা আছে। ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে ওই যুবক দুর্ঘটনার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার সকালে ওই যুবকের লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





