খুলনায় নগরীতে গৌরাঙ্গ বিশ্বাস (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল ১০টার দিকে নগরীর সিমেট্রি রোডের একটি কবরস্থান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গৌরাঙ্গকে শুকুর নামে এক ব্যক্তি মোবাইলফোনে ডেকে নিয়ে যান। সিমেট্রি রোডে গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে লাশ সিমেট্রি রোডের খ্রিষ্টান কবরস্থানের (সাহেবের কবর খানা) মধ্যে ফেলে রেখে যায়। শনিবার সকালে খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন একটি মৃতদেহ সৎকারের জন্য কবরস্থানে নিয়ে গেলে তারা লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
গৌরাঙ্গ দীর্ঘদিন কবরস্থান সংলগ্ন মুড়িপট্টি এলাকায় ভাড়া থেকে একটি স্বর্ণের দোকানে কাজ করতো। গত কয়েক বছর তিনি গ্রামের বাড়ি রূপসার আইচগাতিতে চলে যান।
খুলনা থানার এসআই রাধেশ্যাম জানান, লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ওই যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এআই





