এবার মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আলাদা দিনে হবে। গত কয়েক বছর একসঙ্গে হয়ে এলেও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এ পরিবর্তন আনা হয়েছে। রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ভর্তি সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এমবিবিএস কোর্সে ভর্তির পরীক্ষা হবে ৭ অক্টোবর, অন্যদিকে ডেন্টাল কলেজগুলোতে বিডিএসে ভর্তিতে পরীক্ষায় ৪ নভেম্বর হবে। এবার এই দুই পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসএসসি ও এইচএসসিতে সম্মিলিতভাবে ন্যূনতম ৯ পয়েন্ট থাকতে হবে।
এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার এ পরীক্ষার মাধ্যমে সরকারি-বেসরকারি মিলিয়ে ১২৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হয়।
যার মধ্যে ২৯টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ১৬২ জন। আর ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩২৫টি আসন রয়েছে।
এছাড়া সরকারি ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন এবং ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে রয়েছে ১ হাজার ২৮০টি আসন।
সভায় এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।
এসএ/টাইম





