শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ নৌবন্দর হবে বরিশালে। এ বন্দর থেকে গোটা দেশের শিল্প ব্যবস্থার সমৃদ্ধি ঘটবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বরিশালে ডকইয়ার্ড নির্মাণ করে সেখানে উন্নতমানের জাহাজ নির্মাণ করা হবে। দেশের তৈরি সে জাহাজ বিদেশে রপ্তানির মাধ্যমে বাংলাদেশ জাহাজ রপ্তানিকারক দেশ হিসেবে উন্নত দেশের কাতারে প্রবেশ করবে। সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।’
ঝালকাঠির রাজাপুর উপজেলা অডিটোরিয়ামে শুক্রবার সকালে উপজেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আমির হোসেন আমু আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। ইতোমধ্যে বরিশালে বিশ্ববিদ্যায় ও শিক্ষাবোর্ড স্থাপিত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দর ও পদ্ম সেতুর নির্মাণ শুরু হলে দক্ষিণাঞ্চলের মানুষ বেশি উপকৃত হবে। শিল্প-কলকারখানা তৈরি হলে মানুষের ভাগ্যের উন্নয়নের চাকাও ঘুরে যাবে।
সম্মেলনে উপজেলা যুবলীগের আহবায়ক আসলাম হোসেন মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মিল্লাত হোসেন।
এর আগে, মন্ত্রী জাতীয় স্যানিটেশন মাসের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালিতে সর্বস্তরের মানুষ অংশ নেন। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেআই





