রংপুরের ৮ জেলায় সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মধ্যে সংঘর্ষের জেরে এ ধর্মঘটের আহবান করা হয়।

রোববার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাস টার্মিনালে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

এ সময় মালিক পক্ষের লোকজন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। পাশাপাশি জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন ও রংপুর বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ মজিদের ব্যবহৃত প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়।

এর প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ ধর্মঘটের সত্যতা নিশ্চিত করেন।

বর্তমানে টার্মিনাল এলাকা সংলগ্ন রংপুর-দিনাজপুর সড়ক ও ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ