নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা।

মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার অন্তিম নিটিং ডাইয়িং অ্যান্ড ফিনিশিং লিমিটেড নামে পোশাক কারখানার সামনে শ্রমিকরা ওই বিক্ষোভ করেন।

স্থানীয় ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, অন্তিম নিটিং ডাইয়িং অ্যান্ড ফিনিশিং লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করেন। পোশাক কারখানাটিতে কোন কোন শ্রমিকের ১ মাস আবার কারও ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। বেশকিছুদিন ধরেই মালিকপক্ষ শ্রমিকদের বেতন দেই দিচ্ছি বলে টালবাহানা করে আসছিল। মঙ্গলবার বিকাশের মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ আশ্বাস দিয়েছিল। মঙ্গলবার সারাদিন পার হয়ে গেলেও মালিকপক্ষ বিকাশের মাধ্যমে বেতন পরিশোধ না করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানা থেকে বের যায় বিক্ষোভ শুরু করেন।

এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় একঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে করে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রূপগঞ্জ থানা পুলিশ ও কাঁচপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিয়ে শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে রূপগঞ্জ থানা ও কাঁচপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ করে দেয়। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করবেন বলে জানান। পরে শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে শান্ত করে বাড়িতে পাঠানো হয়।

এমবি