উৎসাহ ও উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন।  

ঈদুল আজহা উপলক্ষে  আজ (২২ আগস্ট) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকী নদভী। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ।

তৃতীয় জামাত সকাল ৯টায় ও চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাতে ইমামতি করেন মহাখালী হাসাইনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা নজরুল ইসলাম আল মারুফ।

চতুর্থ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া, পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।  এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী।

ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা।

এছাড়া, বাংলাদেশের জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।  আজ (২২ আগস্ট) সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অংশ নেন। এছাড়া, মন্ত্রিসভার  সদস্য, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ’সহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এই ঈদ জামাতে।   

এমবি