রংপুরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

শনিবার রাতে রংপুর-সৈয়দপুর মহাসড়কের পাগলাপীর এলাকার মেজরের গলি হতে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডাকাতরা হলেন- নগরীর উত্তম বেতার পাড়ার মৃত এছাহাক আলীর ছেলে বেলাল (৩২), কেল্লাবন্দ সর্দারপাড়া এলাকার আ. জব্বারের ছেলে সজিবুর (৩০), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজীবপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাদেকুল (৩৭) এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার কলেজপাড়া এলাকার এন্তাজ আলীর ছেলে আব্দুর রহমান (৩৫)।

কোতোয়ালী থানা পুলিশের অফিসার্চ ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ১০/১২ জনের একটি দল ওই এলাকায় মহাসড়ক অবরোধ করে ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার নেতৃত্বে থানার উপ-পরিদর্শক হোসেন আলী ও আমিনুল ইসলাম শনিবার গভীর রাতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই চার ডাকাতকে গ্রেফতার করে। তবে অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ডাকাতদের ব্যবহৃত দেশীয় চারটি ছোরা এবং বন্দুকের ছয়টি তাজা কার্তুজ জব্দ করা হয।

তিনি আরও জানান, গ্রেফতার হওয়া ডাকাতদের বিরুদ্ধে কোতয়ালীসহ বিভাগের বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে তাদের জেল হাজতে পাঠান হয়েছে।

কেএইচ