রাজধানীর রামপুরার ওয়াপদা রোড এলাকায় গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। নিহত ওই কলেজ ছাত্রের নাম মো. রায়হান (১৯)। সে খিলগাঁও মডেল কলেজের ছাত্র।
রায়হানের বাবার নাম মাহবুবুর রহমান। বাড়ি কুমিল্লার লাকসামে বলে জানিয়েছে রামপুরা থানা পুলিশ।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর হোসেন।
মঙ্গলবার রাত ১১টায় রামপুরার ওয়াপদা রোডের নিজ বাসায় গলায় ফাঁস দেয় রায়হান। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি রায়হানের আত্মহত্যা করার কারণ জানাতে পারেননি। লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ গ্রামে নিয়ে যাওয়া হবে জানান তিনি।
রামপুরা থানার তদন্ত কর্মকর্তা এএসআই মামুন জানান, সুরতহাল শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাশের ময়না তদন্তের কাজ চলছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রায়হান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]