জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নিয়োজিত তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় মানবাধিকার কমিশন (জামাক) এবং তথ্য কমিশনের শীর্ষ নেতৃত্বে যোগ্য ব্যক্তি নিয়োগের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, এই তিন স্বাধীন কমিশনের কমিশনারগণের মেয়াদপূর্তি আসন্ন। এতে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সর্বজনগ্রাহ্য ব্যক্তিদের নিয়োগ প্রদান জরুরি।
বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকার প্রণীত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন তথা দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে তিন কমিশনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে সৎ, যোগ্য, নিরপেক্ষ, দৃঢ়চেতা ও পেশাদার নেতৃত্বের নিয়োগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’
তিনি আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে দলীয় রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে উক্ত তিনটি কমিশনে নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের অঙ্গিকার পূরণের বাস্তব দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান।
এমএইচ





