অবরোধের সমর্থন জানিয়ে সিলেটে ঝটিকা মিছিল বের করে রাস্তা অবরোধ করেছে জামায়াত-শিবির। এ সময় মিছিলকারী সন্দেহে ছয় জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় মিছিল বের করে রাস্তা অবরোধ করে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ দলীয় জোটের অবরোধ ও বুধবার সিলেটে হরতালের সমর্থনে নগরীর বন্দরবাজার এলাকায় ঝটিকা মিছিল বের করে রাস্তা অবরোধ করে।

খবর পেয়ে পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ মিছিলকারীদের ধাওয়া করলে তারা জেলরোড এলাকা দিয়ে পালিয়ে যায়। পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলকারী সন্দেহে ছয় জনকে আটক করে।

এদিকে, অভিযানকালে বন্দরবাজার করিমউল্লাহ মার্কেটের ফটক বন্ধ করে দেয় পুলিশ। এতে ব্যবসা বিঘ্নিত হওয়ায় উত্তেজিত হয়ে ওঠেন ব্যবসায়ীরা। তারা পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে আশপাশের এলাকা থেকে অন্তত ৬/৭ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক তিনি আটককৃতদের নাম জানাতে পারেননি।

কেএইচ