বিশিষ্ট শিক্ষাবিদ তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসা ট্রাস্টের সাবেক মুতাওয়াল্লী হাফেজ মুহাম্মাদ আলাউদ্দীন -এর ইন্তেকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মরহুম হাফেজ মুহাম্মাদ আলাউদ্দীন মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০মিনিটে রাজধানীর মীরহাজিরবাগে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ (১৭ জুলাই) দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এই শোক প্রকাশ করেন।

যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম হাফেজ মুহাম্মাদ আলাউদ্দীনের ইসলামী শিক্ষার বিস্তার ও সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।

জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার (১৭ জুলাই) রাত ৯টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী মীরহাজিরবাগ তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপ্যাল ও বর্তমান ট্রাস্টের মুতাওয়াল্লী মাও. জায়নুল আবেদিন।

জানাজায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান, সৈয়দ জয়নুল, মহানগরী মজলিশে শুরা সদস্য আ. জ. ম. রুহুল কুদ্দুস, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপ্যাল ড. আবু ইউসুফ, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা মহিলা শাখার প্রিন্সিপ্যাল মুফতি মিজানুর রহমান, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তোফাজ্জল হোসাইন হেলালি সহ সর্বস্তরের ব্যক্তিবর্গ।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী মুহাম্মাদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এইসব তথ্য জানানো হয়েছে।

এমবি