দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এক বিবৃতিতে বলেন, ময়মনসিংহের ফুলপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, হামে শিশুর মৃত্যু এবং সড়কে নিয়মিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রাণহানিতে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। আজ কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও মেয়ে নিহত হওয়ার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এছাড়া, বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু, পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু, ময়মনসিংহের ভালুকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পোশাক কারখানার কর্মী নিহত ও প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত, শোকাহত এবং উদ্বেগ প্রকাশ করছি।

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, বন্যপ্রাণী বিশেষ করে হাতির আক্রমণ থেকে প্রাণহানি ও সম্পদের ক্ষতি রোধে নাগরিকদের রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও দুর্ঘটনা হ্রাসে গাড়ির ফিটনেস পরীক্ষাসহ অবৈধ যান চলাচল বন্ধে কার্যকর সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে প্রত্যেকটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি

তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে দেশে প্রতিনিয়ত হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু হচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার ৩০ এপ্রিল পর্যন্ত হামে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যু হয়েছে। হামে বিপুল সংখ্যক শিশুর মৃত্যুর ঘটনা গোটা জাতির মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, বন্যহাতির আক্রমণ ও হত্যাকাণ্ড এবং হামে শিশুর মৃত্যু পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। এজন্য পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা, ন্যায়বিচার ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

এমএম