খুলনার আলোচিত শিপন হত্যা মামলায় এক তরুণীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মাত দিলরুবা সুলতানা এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির হচ্ছে ফাতেমা আক্তার সোনালী (২১)। এই মামলার অপর আসামি মেহেদী হাসান অনিককে (২১) বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ৬ মার্চ থেকে ৯ মার্চ সকালে মহানগরীর জোড়াগেট আবাসিক এলাকার এসডিই কলোনির তৃতীয় তলা ভবনের নিচতলায় এসডিই মো. আবু বক্করের বাসায় ইমদাদুল হক শিপনকে (২০) ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।

এ ঘটনায় মো. বাবলু মিয়া বাদী সোনাডাঙ্গা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অনিক ও সোনালীকে গ্রেফতার করে। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩০ এপ্রিল আদালতে দুজনের নামে অভিযোগপত্র জমা দেয়। ওই বছরের ১০ জুন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলার অভিযোগ গঠন করা হয়। এরপর শুনানিতে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সবশেষে সোমবার আদালতের বিচারক এই মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি সাব্বির আহমেদ, আসামি পক্ষে এম ইলিয়াস খান ও মুন্সী মোস্তাফিজুর রহমান মামলাটি পরিচালনা করেন।

এম আর