সদর উপজেলার ফতুল্লায় বাস ও ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। ফতুল্লার মাসদাইরে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ২০-২৫ যুবক লাঠিসোটা নিয়ে সড়কে এসে ব্যারিকেড দেন। এ সময় ঢাকামুখী একটি ট্রাক ও আনন্দ পরিবহনের একটি বাস আটকে ভাঙচুর করেন তারা। পরে তারা বাসে উঠে যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় যাত্রীরা দ্রুত নামতে গিয়ে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্বৃত্তরা দুটি গাড়িতে আগুন দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জেআই





