যশোরের সদর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও শিক্ষার্থীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।

আজ বুধবার (৩ মে) যশোর সদরের ইছালী পুলিশ ফাঁড়ির এসআই মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টায় উপজেলার যশোর-মাগুরা মহাসড়কে কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী এলাকার মধু কর্মকারের ছেলে বাসু কর্মকার (৪৫)।

স্থানীয়রা বলেন, বুধবার সকালে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস দ্রুতগতিতে মাগুরার দিকে যাচ্ছিল। এ সময় কোদালিয়া স্কুলের সামনের মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চার কলেজছাত্রসহ বাসের ২০ যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত নয়জনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজন মৃত ঘোষণা করেন।

এসআই মোকাররম হোসেন বলেন, বুধবার সকালে সংবাদ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে একজন মারা যান। বাসটি বারোবাজার হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এবিএস