জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সম্পাদক আব্দুল খালেক হাওলাদারের মোটরসাইকেল বহরে হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মী-সমর্থকরা। এতে ঢাকা মহানগর যুবদল, ছাত্রদল ও স্থানীয় ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
মেহেন্দিগঞ্জ থানা থেকে ২০ গজ দূরে তেমোহনী চত্বর এলাকায় বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- ঢাকা মহানগর যুবদলের সদস্য এমএ হক, ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য ইকবাল খান, মারুফ হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মাহবুব হোসেন ও মোহাম্মদ হোসেন। অন্য পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি। তবে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল খালেক হাওলাদার অভিযোগ করে জানান, উলানিয়া বাজারে দুপুর ১২টার দিকে নেতাকর্মীদের নিয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি কর্মীদের নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলা শহরের বাসায় ফেরার পথে তেমোহনী চত্বরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল বেপারির নেতৃত্বে ছাত্রলীগ ক্যাডারা হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী এ হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে তার সঙ্গে থাকা ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার বিষয় অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল বেপারি বলেন, তেমহনী চত্বর দিয়ে খালেক হাওলাদার মোটরসাইকেল বহর নিয়ে যাওয়ার সময় জ্যাম লেগে যায়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জ্যাম ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হয়। এতে উভয় গ্রুপের মধ্যে সামান্য হাতাহাতি ঘটনা ঘটেছে।
এমআর





