মাগুরায় পাটজাত দ্রব্য ব্যবহারের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি ও মজুদের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও ২টিকে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ এ আদালত পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন মাগুরার মুখ্য পাট পরিদর্শক মো. আক্তার হোসেন।
আদালত মাগুরা শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাজার চাল পট্টির মা অন্নপূর্ণা ভাণ্ডারকে ৫ হাজার টাকা, সচিন্দ্রনাথকে ২ হাজার টাকা, পশু হাসপাতাল পাড়ার ব্যবসায়ী নিরঞ্জন পালকে ৩ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করে।
এদিকে, একই আদালত অন্য দুই প্রতিষ্ঠানকে এ বিষয়ে সতর্ক করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জেলা শহর ছাড়াও সব উপজেলায় এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। দেশীয় পাটের গৌরব উজ্জ্বল অধ্যায় ফিরিয়ে আনতে আদালতকে সহযোগিতার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
কেএইচ





