বান্দরবানে বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকা টানা চার দিনের সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে।
শনিবার সকালে সংগঠনগুলোর নেতা-কর্মীরা বান্দরবান-কেরানীহাট সড়কের সুয়ালক ও বাসস্টেশন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ পালন করছে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের সদস্যদের বান্দরবান সফরের প্রতিবাদে এ কর্মসূচী ঘোষণা করা হয়।
অবরোধের কারণে সকালে বান্দরবান থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে কোনো বাস ছেড়ে না যাওয়ায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

৫ থেকে ৮ জুলায়ের মধ্যে সিএইচটি কমিশনের কো-চেয়ারপারসন সুলতানা কামাল, সদস্য স্বপন আদনান, খুশী কবির, অ্যাডভোকেট সারা হোসেন, হানা শামস এবং টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সমন্বয়ে একটি প্রতিনিধিদল বান্দরবানের উছাহ্লা ভান্তে পরিচালিত রাম জাদী ও তার পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।
এই ব্যাপারে সিএইচটি কমিশনের সদস্য হানা শামস বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত সফরে বান্দরবানে আমরা যাব কি না, সেই ব্যাপারে এখন বলতে পারব না।’

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি আবদুল কাইয়ুম বলেন, সিএইচটি কমিশনের সফর বাতিল করা হলে অবরোধের কর্মসূচি প্রত্যাহার করা হবে।

বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির ডাক দেয় সংগঠন দুটি।

ঢাকা. ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ